কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আউয়াল দুই দিনের রিমান্ডে কসবা থানায়

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা আব্দুল আউয়াল-কে দুই দিনের রিমান্ডে কসবা থানায় আনা হয়েছে।
জানা যায়, বুধবার (৬ মে) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য কসবা থানায় নেওয়া হয়। আগামী ৮ মে রিমান্ড শেষে তাকে পুনরায় জেলা কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা কসবা টিভিকে আজ বৃহম্পিতবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যা মামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে র্যাব অভিযান চালিয়ে আব্দুল আউয়ালকে গ্রেফতার করে। পরে শনিবার (২৬ এপ্রিল) দুপুরে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল আউয়াল কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেহারী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে পরিচিত। তিনি উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের বাসিন্দা এবং আব্দুল লতিফ মিয়ার ছেলে।
এদিকে আলোচিত এই হত্যা মামলাকে ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক

