এমপি মুশফিকুর রহমানের ডিও লেটারের পর কসবায় মাদকবিরোধী অভিযানে জোর, ১২ ঘণ্টায় ১৭২ কেজি গাঁজা উদ্ধার

স্টাফ রিপোটার কসবা টিভি নিউজ ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী অভিযানে নতুন করে গতি এসেছে। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মাদকের বিরুদ্ধে ডিও লেটার দেওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। এরই ধারাবাহিকতায় গত ১২ ঘণ্টায় কসবা থানা পুলিশ পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রথম অভিযানে উপজেলার বায়েক এলাকা থেকে ১২৭ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত শরীফ নামে এক ব্যক্তিকে হাতে-নাতে আটক করেন অভিযানে থাকা উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন।

পরবর্তীতে উপজেলার বিনাউটি ইউনিয়নে আরেকটি অভিযান চালিয়ে আরও ৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জাকারিয়া শুভ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানের সময় একটি পিকআপ ভ্যানও জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এই মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোট ১৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে মাদক পাচার চক্রের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাদকবিরোধী এই ধরনের ধারাবাহিক অভিযান কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক পাচার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা আশা করছেন, প্রশাসনের নজরদারি ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকলে কসবা-আখাউড়া এলাকায় মাদক প্রবাহ অনেকটাই কমে আসবে।

মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। কসবায় সাম্প্রতিক এই অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার সেই প্রচেষ্টারই একটি ইতিবাচক দৃষ্টান্ত বলে মনে করছেন স্থানীয়রা।
ফারজানা রশীদ ঢালী,কসবা টিভি

নিজস্ব প্রতিবেদক

